আবার যদি

দুঃখ গুলো, দুঃখ পেয়ে, হারিয়ে যায় যদি,
একুল ওকুল দু’কূল ভাঙা, কষ্ট ভরা নদী।
হারিয়ে যায়, শুকিয়ে যায়, লোনা জলের হ্রদ,
স্বপ্নগুলো সবুজ হয়ে নতুন চাষাবাদ।
আবার যদি ফিরে আসে, পুরানো সেই দিন,
স্বপ্ন বোনার দিবসগুলো স্মৃতি অমলিন।
আবার যদি ফিরে আসে, ঝগড়াগুলো যতো,
শাসন-বারণ আগের মতোই, চলতো অবিরত।
আবার যদি সন্ধ্যা আসে, জোৎস্না ভরা চাঁদ,
গল্প কথায় ক্ষণ ফুরাতো, সাঙ্গ হতো রাত।

কবি মন

কবিরওতো হৃদয় আছে,
রক্ত আছে, মাংস আছে,
ছোট একটা মন আছে,
সেই মনেতে সুখ আছে,
অনেকগুলো দুঃখ আছে।
কবির আছে অনুভূতি,
একলা ভীষণ রাত নিশুতি।
কবির চোখেও বৃষ্টি ঝড়ে,
হৃদয় ভাঙে তীব্র ঝরে।

তোমারতো মা আছে

তোমারতো মা আছে, আছে মায়ের ওম।
মায়ের বুকে মাথা রেখে, চুপটি করে ঘুম।
তোমারতো মা আছে, গল্প করার সই,
মায়ের কাছে তোমার হৃদয়, একটা খোলা বই।
তোমারতো মা আছে, নিচ্ছে তোমার খোঁজ
মায়ের বুকে মুখ লুকিয়ে বর্ষা ঝড়াও রোজ।
একটু ভাবো, যে মালাটি একলা পড়ে রয়,
বিষন্নতায় যে মালাটি সুরভী ছড়ায়।
যে মালাটি মলিন ছিলো, ম্লান ছিলো রঙ,
এই শহরের ইট পাথরে, কান্না তাহার ঢং।
তোমার খোঁপার শোভা হবে, সেই মালাটি তাই,
মলিন মালা উঠলো খোঁপায়, খোঁপার বাধন নাই।
তোমার খোঁপা খুললো বলে, দুঃখ তোমার খুব,
সেই মালাটি নিরব ছিলো, কান্নারা সব চুপ।
তোমারতো মা আছে, দুঃখ যখন খুব,
মায়ের বুকে মাথা লুকাও, মাও তখন চুপ।
একটু ভাবো যে মালাটি, একলা পড়ে রয়,
ইট পাথরের এই নগরী, আপন কেহ নয়,
সেই মালারও অশ্রু আছে, সাত সাগরের জল,
মায়ের আচল খুঁজে ফিরে, মুছতে নয়ন ঢল।